ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রাত-দিন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী সোমবার বলেন, “ধর্মান্ধ মৌলবাদী একটি সংগঠন এই ব্যর্থ অভ্যুত্থানের পেছনে আছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।”
“প্রবাসী বাংলাদেশী ইশরাক আহমেদ এ ঘটনার সঙ্গে জড়িত। আরো কয়েকজনের সংস্পৃক্ততা সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে।”
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সাংসদ বেগম আহমেদ নাজনিন সুলতানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এ কে খন্দকার বলেন, “তদন্ত শেষ হলেই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়া যাবে।”
সেনাবাহিনী গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জানায়, সরকার উৎখাতে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/২১১৯ ঘ.
bdnews24