চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির ঘটনায় চারটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চালান চারটিতে প্রায় ৭৪ লাখ টাকা শুল্ক কর ফাঁকি শনাক্ত করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পণ্যের শুল্ক ছাড়াও তার দুইশ গুণ জরিমানা আদায় করা হবে।”
এছাড়া সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতি ও শুক্রবার কাস্টমসের রাজস্ব কর্মকর্তরা কায়িক পরীক্ষার পর মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি শনাক্ত করেন।
সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।
কাস্টম হাউস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঢাকার অন্তরঙ্গ বাণিজ্য নিকেতন চীন থেকে আমদানি করা একটি চালানে ঘোষণা বহির্ভূত ‘ড্রয়ার লক’ এনে প্রায় ৩০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়। গত শুক্রবার সরেজমিন কায়িক পরীক্ষা করে এই অনিয়ম শনাক্ত করা হয়।
ঢাকার এমিসি অ্যাপারেলস লিমিটেড কোরিয়া থেকে শতভাগ কটন ফেব্রিক্স ঘোষণা দিয়ে শতভাগ পলিস্টার ফেব্রিক্স আমদানি করে। গত বৃহস্পতিবার কায়িক পরীক্ষার পর ৩৭ লাখ টাকার শুল্ক ফাঁকি শনাক্ত হয়। একই আমদানিকারকের একই পণ্যের আরেকটি চালানে ৩৯ লাখ টাকা শুল্ক ফাঁকি ধরা পড়ে।
এ ছাড়া গ্রিন ফুয়েল সিএনজি কনভার্সন সেন্টারের নামে ট্রাক, মিনি প্যাসেঞ্জার ভেসেল এবং মিনি কার্গো ভ্যান বিযুক্ত অবস্থায় (সিকেডি) আমদানির ঘোষণা দিয়ে প্রস্তুত গাড়ি (সিপিইউ) আমদানি করে।
এই চালানে প্রায় পাঁচ লাখ টাকা শুল্ক ফাঁকি হয়।
চারটি চালান থেকে এক কোটি ১১ লাখ টাকা শুল্ক-কর আদায় এবং জরিমানাসহ মোট তিন কোটি ৩৩ লাখ টাকা আদায় করা হবে বলে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৩ ঘ.
bdnews24