ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি না করায় সরকারকে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ সোমবার ডাকযোগে ৬ সচিবকে এ নোটিস দেন।
এরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও অর্থ সচিব।
গত বছরের ১৫ জুন হাই কোর্ট এক রায়ে বিচারপতিদের বেতন-ভাতা বিষয়ে আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেয়।
ওই সুপারিশে প্রধান বিচারপতির পারিতোষিক ১ লাখ টাকা, আপিল বিভাগের বিচারপতির জন্য ৯০ হাজার টাকা ও হাই কোর্ট বিভাগের বিচারপতির জন্য ৮০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করে। একইসঙ্গে অন্যান্য বিশেষ সুবিধাদিও বাড়ানোর কথাও সুপারিশে বলা হয়।
মনজিল মোরসেদ বলেন, “সংসদীয় কমিটির এই সুপারিশের সঙ্গে আইন মন্ত্রণালয় নীতিগতভাবে একমত পোষণ করলেও পরে অর্থ মন্ত্রণালয় তা উপেক্ষা করতে থাকে।”
এরপর মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী হাই কোর্টে রিট করলে আদালত ওই সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়।
নোটিসে বলা হয়, “হাই কোর্ট রায় দেওয়ার পর আট মাস চলে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। ৩০ দিনের মধ্যে আদালতের এই রায় বাস্তবায়ন না করলে আমরা আইনগত পদক্ষেপ নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৩২ ঘ.
bdnews24