নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় অর্ধশতাধিক নারী শ্রমিক খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পর দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় মাইক্রোফাইবার গ্র“পের লিবার্টি ও মিডল্যান্ড নিটওয়্যারে কর্মরত শ্রমিকদের মধ্যে এ রোগ দেখা দেয়।
চিকিৎসকদের ধারণা তারা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন।
মাইক্রোফাইবার গ্র“পের পরিচালক (অর্থ) কামরুজ্জামান কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ শ্রমিকদের উপসর্গ একই রকম। একসঙ্গে এতো শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আমরা নিজেরাও হতচকিত হয়ে পড়ি।”
উদ্ভূত পরিস্থিতিতে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহাবুব হায়দার শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে লিবার্টি নিটওয়্যারে ফিনিশিং বিভাগের শ্রমিক জাহানারা (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর একদিন বাদে সোমবার সকালে সুইং সেকশনের এক শ্রমিক খিঁচুনি দিয়ে অসুস্থ হয়ে পড়েন। ১০ মিনিটের মধ্যে আরো ১৫-২০ জন একই উপসর্গে আক্রান্ত হয়। পরে মিডল্যান্ড নিটওয়্যার শ্রমিকদের মধ্যেও একই উপসর্গ দেখা দেয়।
তিনি বলেন, কয়েকজন রোগী বলেছেন তাদের জালা পোড়া করছে, জ্বর জ্বর ভাব রয়েছে। তবে পুরো বিষয়টিই মানসিক বলে মনে হচ্ছে। আমাদের ধারণা তারা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম বলেন, “কারখানাটি সরেজমিনে ঘুরে দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা তার সহকর্মীদের মনে প্রভাব ফেলেছে।”
সিভিল সার্জন ডাক্তার দুলাল চন্দ্র চৌধুরী জানান, গণহিস্টিরিয়ায় আক্রান্ত হলে রোগীর খিঁচুনি দেখা দেয়। কখনো কখনো চোখ পিট পিট করে।
আবার অজ্ঞানও হয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০০৪ ঘ.
bdnews24