চুয়াডাঙ্গা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুকন্যার মৃত্যুর তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ওই শিশুর বাবার লাশ।
রোববার রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে জীবননগর উপজেলার বারাদি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়। আর রাত ৮টার দিকে সদর হাসপাতালে মারা যায় তার মেয়ে সুমাইয়া খাতুন (১)।
পুলিশ বলছে, শহিদুলের মৃত্যু রহস্যজনক।
জীবননগর থানার ওসি গণেশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় সুমাইয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর পরই নিখোঁজ হন শহীদুল। এ সময় পরিবারের সবাই ওই শিশুকে নিয়ে ব্যস্ত থাকায় কেউ তা খেয়াল করেনি।
সুমাইয়া মারা যাওয়ার পর শহীদুলের খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী।
ওসি গণেশ বিশ্বাস জানান, শহীদুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগ বা অন্যকোনো কারণে তিনি মারা গেছেন কি না- তা ময়না তদন্তের পর বলা যাবে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮২৪ ঘ.
bdnews24