২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের পর সরাইলে ১৪৪ ধারা

জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার পর স্থানীয় প্রশাসন এই পদক্ষেপ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সরাইলে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিকচ্ছে সোমবার সকালে বিরোধপূর্ণ ওই জায়গায় বিজিবি-১২ এর সদর দপ্তরের জোয়ানরা নির্মাণ কাজ শুরু করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিকচ্ছ বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ১২ এর সদর দপ্তর সংলগ্ন ১৬ শতাংশ জায়গার মালিকানা নিয়ে গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হামিদের সঙ্গে বিজিবির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও হয়। আদালত জায়গার ওপর স্থিতাবস্থা জারি করে। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বিজিবি জায়গাটি দখলে নেওয়ার জন্যে রোববার রাতে তাঁবু স্থাপন করে। সকাল সাড়ে ৯টার দিকে প্রায় চার-পাঁচশ গ্রামবাসী তা ভেঙে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গ্রামবাসী বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট ছোড়ে। অন্যদিকে বিজিবি সদস্যরা গ্রামবাসীকে লাঠিপেটা করলে প্রায় ৩০ জন নারী-পুরুষ-শিশু আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি ওসি। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৬৫) বলেন, সদর দপ্তরের জামি নিয়ে তার দাদার আমল থেকেই বিরোধ চলে আসছে। “আদালতের স্থিতাবস্থা থাকার পরও বিজিবি নির্মাণ কাজ শুরু করায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাঁবু ভেঙে ফেলে,” বলেন তিনি। দৈনিক প্রথম আলোর সরাইল প্রতিনিধি বদর উদ্দিন বদু জানান, সংঘর্ষের ছবি তুলতে গিয়ে মানবজমিনের সরাইল প্রতিনিধি মাহবুব খান বাবুল, বাংলাবাজারের সরাইল প্রতিনিধি মাসুদ রানা, ইত্তেফাকের সরাইল প্রতিনিধি জুলকারনাই বিজিবি সদস্যদের হাতে লাঞ্ছিত হন। তিন সাংবাদিককে দুপুর ১২টা পর্যন্ত বিজিবি সদস্যরা আটকে রেখেছিল বলেও অভিযোগ করেন বদর। এই বিষয়ে বিজিবি-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩৫ ঘ.