চাঁদপুর, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধীরগতিতে লঞ্চ চলায় ক্ষুব্ধ চাঁদপুরের যাত্রীদের পিটিয়েছে একটি লঞ্চের কর্মীরা। এতে আহত হয়েছে অর্ধশত, যার মধ্যে পুলিশের দুই কনস্টেবলও রয়েছেন।
সোমবার প্রথম প্রহরের এই ঘটনার পর পুলিশ ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি কাজল’ নামে ওই লঞ্চের দুই কর্মীকে আটক করেছে।
লঞ্চকর্মীদের পিটুনিতে আহত কনস্টেবল মোহাম্মদ টিপু ও মো. জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, পরিচয়পত্র দেখিয়েও তারা রেহাই পাননি।
যাত্রীরা জানায়, ‘এমভি কাজল’ রোববার বিকাল সাড়ে ৫টায় লঞ্চটি ঢাকা ছাড়ে। পথে চাঁদপুরের কাঠপট্টি এলাকায় লঞ্চটি ২৮৫ বস্তা আলু ওঠায়। এ সময় লঞ্চটি সেখানে দেড় ঘণ্টা থেমে ছিল। এরপর চাঁদপুর ঘাটের উদ্দেশে রওনা করে। ধীরগতিতে চলায় যাত্রীরা বিক্ষোভ শুরু করলে লঞ্চের কর্মচারীরা যাত্রীদের ওপর চড়াও হয়।
আহত যাত্রী মাসুদ (২৫), সুমন (২৬), মামুন (৩২) ও আলমগীর (৩৮) সাংবাদিকদের জানান, কর্মচারীদের সঙ্গে আনসার সদস্যরাও যাত্রীদের লাটি দিয়ে পেটানো শুরু করে। যাত্রীদের অর্থকড়িও লুটপাট করে তারা।
লঞ্চযাত্রী ইমরান (২০) বলেন, লঞ্চ কর্মচারীরা তার সঙ্গে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সবুজ (১৮) নামে আকে যাত্রী বলেন, তার কাছ থেকেও ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় লঞ্চকর্মীরা।
চাঁদপুর সিআইডি পুলিশের কনস্টেবল মো. টিপু (২৯) ও মো. জাহাঙ্গীর (৪০) বলেন, তারা দুজন পরিচয়পত্র দেখালেও লঞ্চ কর্মচারী ও আনসাররা তাতে কর্ণপাত না করে বেদম মারধর করে।
লঞ্চটি রাত ১০টায় পরিবর্তে রাত সাড়ে ১২টায় চাঁদপুর পৌঁছানোর পর তা আটকে রাখে স্থানীয় যাত্রীরা। খবর পেয়ে পুলিশও সেখানে যায়।
রাত সাড়ে ৩টায় লঞ্চের দুই কর্মচারীকে আটক করা হয়। তারা হলেন- লঞ্চের সুপারভাইজার জিল্লুর রহমান (৩২) ও ইঞ্জিনম্যান মো. মোতালেব (৩০)।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ জানান, দুই কর্মচারীকে ৫৪ ধারায় আটক এবং লঞ্চের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।
“বরগুনাগামী যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে লঞ্চ এবং এর অন্যান্য কর্মচারীদের স্থানীয় ঘাট সুপারভাইজার রুহুল আমিন ও দেলোয়ার হোসেনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়,” বলেন তিনি।
লঞ্চের সুপারভাইজার জিল্লুর সাংবাদিকদের বলেন, আলু ওঠানোর পাশাপাশি যান্ত্রিক ত্র“টির কারণে লঞ্চ পৌঁছাতে দেরি হয়। এনিয়ে যাত্রীরা ভাড়া দিতে টালবাহানা শুরু করে।
তিনি দাবি করেন, যাত্রীরা আগে চড়াও হলে লঞ্চ কর্মচারী ও আনসাররা আত্মরক্ষায় লাঠিপেটা করে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, লঞ্চ কর্মচারী ও আনসার কর্তৃক যাত্রীদের মারধরের ঘটনাটি লঞ্চের মালিক পক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার তাদের চাঁদপুর ঘাটে আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে বসে এই বিষয়টি সুরাহা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24