ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাশিদ কামালকে হয়রানি এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে গঠিত চার সস্যের এ কমিটি বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দুর্নীতিরও তদন্ত করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক আবুল হাসেম, পরিচালক শামসুল আলম ও কর্মকর্তা দূর্গা রানী সরকার।
অধ্যাপক শিবলী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মালিক পক্ষের বিভিন্ন দুর্নীতি তদন্তে শিগগিরই কাজ শুরু করা হবে।”
“এক শিক্ষককে মালিক পক্ষের একজন যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কমিটি এ বিষয়টিও তদন্ত করবে।”
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহানের বিরুদ্ধে হয়রানির চেষ্টার অভিযোগে শনিবার ইউজিসিতে চিঠি দেন বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগের শিক্ষক নাশিদ কামাল।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক শিবলী ট্রাস্টি বোর্ডের সভাপতির বিরুদ্ধে নাশিদ কামালের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সব অনুষদের ডিন ও ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে রোববার জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজ জিএ সিদ্দিক ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত ছিলেন।”
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যাপক হাফিজ জিএ সিদ্দিক নিজেকে অসুস্থ উল্লেখ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশিদ কামাল পাবলিক হেলথ বিভাগের সভাপতি হতে চান। বোর্ড সভায় তা অনুমোদন না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি তাকে সব সময়ই বড় বোনের মতো শ্রদ্ধা করি।”
এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে নাশিদ কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০৫২ ঘ.
bdnews24