ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক সাম্যবাদী দল মনে করে, দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে মহাজোটকে আরো সুসংহত করা প্রয়োজন।
দলটির সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে এবং যুদ্ধাপারাধীদের বিচারের লক্ষ্যে ১৪ দল যাত্রা শুরু করেছিল।
“দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন করতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এবং মহাজোটকে আরো সুসংহত করা প্রয়োজন।”
শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দীলিপ বড়–য়া এ কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাসদ কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দলের কয়েকটি শরিকদলের বৈঠক নিয়েও কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে হাসানুল হক ইনুর আয়োজনে ওই বৈঠকে আওয়ামী লীগের কাউকে ডাকা হয়নি।
বৈঠকটি প্রসঙ্গে মেনন পরে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছে তা দূর করা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে তা নিয়ে একটা সিদ্ধান্তে আসার প্রয়োজন রয়েছে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রসঙ্গে দীলিপ বড়–য়া বলেন, “এটা স্ব স্ব দলীয় ফোরমে আলোচনার বিষয়। নির্বাচনের এখনো এক বছর দশ মাস সময় আছে। এটা নিয়ে আরো আলোচনার সময় রয়েছে।”
জাসদ কার্যালয়ে ওয়ার্কার্স পাটি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ এবং কমিউনিস্ট কেন্দ্রের নেতাদের বৈঠক প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, “এটা তারা চা চক্রের জন্য ডেকেছিল। চা চক্রের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অনেকে গিয়েছিল।”
কারো নাম উল্লেখ না করে দীলিপ বড়–য়া বলেন, “চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীপক্ষ চেষ্টা করবে জোটে ফাটল ধরাতে। সে প্রক্রিয়া চলছে, চলবে।”
জাসদ কার্যালয়ে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে জোটে কোনো ‘ফাটল’ ধরবে না উল্লেখ করে সাম্যবাদী দলের এই নেতা বলেন, “জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে জোটের কার্যক্রম চলছে। জোটে ভাঙন সৃষ্টি হয়নি, হবে বলে মনে করি না।”
সাম্যবাদী দল আগামী পাঁচ এপ্রিল ঢাকায় সমাবেশ করবে।
দীলিপ বড়–য়া আরো বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার যাতে সম্পন্ন না হয় সেজন্য কায়েমী শক্তি একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।”
মতবিনিময়ের শুরুতেই দীলিপ বড়–য়া বলেন, “আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। তাই দূরত্ব কমাতে এই মতবিনিময় করছি।”
আরেক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, “বর্তমান রাজনৈতিক অবস্থায় বাম বিকল্প ধারার বাস্তবভিত্তিক পরিবেশ পরিস্থিতি নেই। পরিবেশ পরিস্থিতি হলে আমরা এই নিয়ে চিন্তা করব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২২৪০ ঘ.
bdnews24