২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকের বাসায় গৃহকর্মীর লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসার বাথরুম থেকে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসার বাথরুম থেকে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা (১২) নামের ওই গৃহকর্মী গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানায়। সে অধ্যাপক হাসিবুর রশিদের বাসায় কাজ করত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লাশ উদ্ধারের কথা জানান। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইশা খাঁ সড়কের ৩৯ নম্বর বাসা থেকে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের অধ্যাপক হাসিবুরের বাসার বাথরুম থেকে লাশ উদ্ধার করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি।” হাসিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা ফারজানার লাশ বাথরুমের কাপড় রাখার কাঠের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।” “সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশকে খবর দেই।” মেয়েটিকে কোনো শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়েছিল কি না জানতে চাইলে এ শিক্ষক বলেন, “তাকে কোনো নির্যাতন করা হয়নি।” “মেয়েটির আপন মামা আমার বাসায় প্রায় ২০/২৫ বছর ধরে কাজ করছে। নির্যাতন করলে তিনি নিশ্চয় এখানে রাখতেন না।” প্রক্টর আমজাদ আলী বলেন, “মেয়েটির চোখে সমস্যা ছিল। আজ সকালে টিভি দেখার সময় মেয়েটির মামা তাকে বকা দিয়েছিল বলে শুনেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১৩ ঘ.