২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-পুলিশের উপর হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

র‌্যাব-পুলিশের উপর হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব-পুলিশের উপর হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে কামারপাড়া থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার দু’জন হলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবু সুফিয়ান (৩২) এবং যুবলীগকর্মী বেলাল হোসেন (২৮)। এ ঘটনায় আবু সুফিয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বেলাল সংগঠনের কেউ নন বলে যুবলীগ নেতারা জানিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান শেষে গাড়ি নিয়ে রংপুর ফিরছিল। ওই সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেল গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এরপর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব তাদের ধাওয়া করে ওই মোটরসাইকেলের তিন আরোহীকে কামারপাড়া এলাকায় আটক করে। ওই সময় স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়। ওখানে ওই যুবকরা মোবাইল ফোনে আরো কিছু যুবককে ডেকে আনে। পরে তারা র‌্যাব সদস্যদের মারধর, গাড়ি ভাংচুর এবং পিস্তল ছিনিয়ে নেয়। এই ঘটনায় কনস্টেবল শুকুর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু জানান, আবু সুফিয়ানকে উপজেলা আওয়ামী যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বেলাল সংগঠনের কেউ নয় বলে তিনি দাবি করলেও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেছেন- বেলাল যুবলীগের কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.