শরীয়তপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে বিকে নগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি গ্রামের একটি বাজার থেকে এসকান্দার মাদবরকে গ্রেপ্তার করা হয়। এসকান্দার ওই গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন এসকান্দারের স্ত্রী রাশিদা বেগম (৪০) ও শাশুড়ি ফুলজান বিবি (৬৫)।
এ হত্যার অভিযোগে এসকান্দরের ছেলে রুবেল মাদবর বাবার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা করেছেন।
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) একে এম শহিদুর রহমান বলেন, জাজিরার জোড়া খুনের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসকান্দার খুনের কথা স্বীকার করেছেন বলেও এসপি জানিয়েছেন।
তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্ত শেষে রাশিদার বাবার বাড়ি উপজেলার ডুবি সায়বরে দাফন করা হয়েছে।
এসকান্দার ও নিহত রাশিদার ছেলে রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে একটি গরু বিক্রি করে সাড়ে ২৩ হাজার টাকা স্ত্রীর কাছে রাখেন এসকান্দার। পরে তা আবার নিয়ে নিজেই খরচ করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয় তার।
তিনি বলেন, “মধ্য রাতে আমার ছোট বোন লিপি আমাকে ডেকে বলে- মাকে একজন লোক ডেকে বাইরে নিয়ে গেছে। তখন আমি উঠে বাড়ির পাশে টর্চ লাইটের আলো দেখে বাইরে বেরিয়ে বাবাকে দেখি।
“তার কাছে মায়ের কথা জানতে চাইলে বাবা জানান- মা তার জন্য ওষুধ আনতে চেয়ারম্যান বাড়িতে গেছেন। আমাকে ঘুমিয়ে থাকতে বলেন বাবা। একই সময় বাবা নানি ফুলজানকে দাদির বাড়ি যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান।”
রুবেল আরো বলেন, সকালে লিপি মা ও নানীকে দেখেছে বলে জানালে বাড়ির পাশে গিয়ে প্রথমে নানি এবং পরে মা’র লাশ দেখেন।
“আমার ধারণা বাবাই আমার মা ও নানীকে খুন করেছেন,” বলেন রুবেল।
রুবেলের বোন লিপি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে অপরিচিত এক লোক আমার মাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাবা এসে আমার নানি ফুলজান বিবিকে পাশের আমার দাদির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যান।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24