কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ না থাকায় কুড়িগ্রামের জ্বালানি তেলের পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না।
শনিবার সকাল থেকে এ সমস্যা দেখা দেয় বলে জানান পাম্প মালিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুপুরে এসএস ফিলিং স্টেশনে পেট্রোল আছে, কিন্তু মালিক বিক্রি করছেন না- এ ধরনের খবর ছড়িয়ে পড়লে শত শত মোটরসাইকেল মালিক পেট্রোল নিতে ফিলিং স্টেশনে ভীড় করে। এ সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এসএস ফিলিং স্টেশনের মালিক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলবাহী কার্গো নদীচরে আটকে পড়ায় চিলমারী ভাসমান তেল ডিপো থেকে কোনো তেল সরবরাহ করা হচ্ছে না। এ কারণেই তাদের পাম্পে কোনো পেট্রোল নেই বলে জানান নজরুল।
সকাল ১০টার পর শহরের পনির অ্যান্ড সন্স ফিলিং স্টেশন পেট্রোল শূন্য হয়ে যায়।
এ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক তাপস কুমার সাংবাদিকদের বলেন, চিলমারী ভাসমান ডিপো থেকে তেল না পেয়ে তাদের লরি পার্বতীপুর যায় তেল আনতে। কিন্তু সেখানে দীর্ঘ লাইন থাকায় তেল পাওয়া যাচ্ছে না বলে জানান তাপস কুমার।
শহরের সব পাম্পেই একই অবস্থা উল্লেখ করে তিনি জানান, সোমবারের আগে পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই।
সদর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24