২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ

যৌতুক না পেয়ে জয়পুরহাটের এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর-শাশুড়িকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

জয়পুরহাট, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে জয়পুরহাটের এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর-শাশুড়িকে। নিহত সপ্তমী রাণীর (২২) বাবা বিশ্বনাথের অভিযোগ, গত ১১ জানুয়ারি স্বামী-শ্বশুর-শাশুড়ি মিলে তার মেয়ের গায়ে আগুন দেয়। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যায় সপ্তমী। এ অভিযোগে জয়পুরহাট সদর থানায় একটি মামলাও করেছেন বিশ্বনাথ। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, চার বছর আগে জয়পুরহাট শহরের তাঁতীপাড়া এলাকার নিবারণ চন্দ্রের ছেলে নিখিল চন্দ্রের সঙ্গে নওগাঁর মান্দা উপজেলার বিশ্বনাথের মেয়ে সপ্তমীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করতো বলে অভিযোগ করেছে সপ্তমীর পরিবার। বিশ্বনাথ বলেন, শ্বশুর-শ্বাশুড়ি তার মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিলে মারাত্মকভাবে দগ্ধ হয় সপ্তমী। তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং পরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে না পেরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি জানান, শুক্রবার রাতে সপ্তমী মারা যাওয়ার পরপরই বিশ্বনাথ একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই সপ্তমির শ্বশুর নিবারণ চন্দ্র ও শাশুড়ি লক্ষ্মী রাণীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭১৫ ঘ.