২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে স্কুল শিক্ষক নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

রাঙামাটি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফি জানান, শুক্রবার গভীর রাতে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের হেদারাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পূর্ণিময় চাকমা (৪৬) হেদারাছড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার ভাই শুভাময় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ২টার দিকে ১০/১৫ জন লোক এসে পূর্ণিময়কে ঘুম থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। “বাসা থেকে বের হওয়ার পরপরই সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় পূর্ণিময়।” এসআই মো. শফি জানান, বাঘাইছড়ি থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। “কি কারণে পূর্ণিময় চাকমাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি”, বলেন তিনি। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার সংগঠন পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র মাইকেল চাকমা। তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে তার সংগঠনের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, “বাঘাইছড়িতে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৪০ ঘ.