ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর ঘুরে আবার সেরা ব্লগ অনুসন্ধানে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এবছর এই প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে বাংলা ওয়েবসাইট। নতুন সাইটে খুব সহজেই ব্লগ মনোনয়ন জমা দেওয়া যাবে, এর ঠিকানা: www.thebobs.com/bengali।
ব্লগ অনুসন্ধানের এই প্রতিযোগিতা হচ্ছে দি ববস। ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় গত দু'বছর ধরে রয়েছে বাংলা ভাষা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১৩ ফেব্রুয়ারি থেকে ববসের ওয়েবসাইটে ব্লগ মনোনয়ন শুরু হয়েছে।
গতবছরের মতো এবারো ১১টি ভাষার ওয়েবসাইট মনোনয়ন দেওয়া যাচ্ছে। ভাষাগুলো হচ্ছে বাংলা, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ।
এবছর জুরি মণ্ডলীতে খানিকটা পরিবর্তন করা হয়েছে বলে ডয়চে ভেলে জানিয়েছে। তবে আলাদা আলাদাভাবে ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' থাকছে আগের মতোই।
চলতি বছর প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে জুরি বৈঠক হবে জার্মানির রাজধানী বার্লিনে। বিভিন্ন ভাষার বিচারকরা বার্লিন বৈঠকে আলোচনা, নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন।
বাংলা ভাষার জুরি, আলোকচিত্রী শহীদুল আলম ডয়চে ভেলেকে বলেন, যেহেতু বাংলা ব্লগিংয়ের সুযোগ রয়েছে এবং এই বিষয়ে একটা বিশেষ পুরস্কারের সুযোগ রয়েছে, এই সুযোগটা কাজে লাগানো অবশ্যই দরকার। আমি আশা করব শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষায় যতজন ব্লগিং করেন, তারা সকলেই কোনো না কোনোভাবে এটায় অংশগ্রহণ করবেন।
এবছর ব্লগ প্রতিযোগিতায় থাকছে ১৭টি বিভাগ। এর মধ্যে ছয়টি বিভাগ মিশ্র ক্যাটেগরি, মানে এক্ষেত্রে প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষার ব্লগের মধ্যে। আর ১১টি বিভাগ থাকছে ভাষাভিত্তিক এবং এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে। এবার স্পেশাল টপিক অ্যাওয়ার্ড এর বিষয় হচ্ছে সংস্কৃতি এবং জনশিক্ষা। ২০১২ সালের গ্লোবাল মিডিয়া ফোরামের থিমও এটি। তবে অন্যান্য বিষয়, যেগুলো গত বছরও ছিল, সেগুলো এবারো থাকছে।
২০১১ সালে ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় সেরা ব্লগ নির্বাচিত হয় আরিফ জেবতিকের ব্লগ।
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলবে ব্লগ মনোনয়ন প্রক্রিয়া। এরপর ২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনলাইন ভোটাভুটি হবে। ২৬ জুন বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০৩৫ ঘ.
bdnews24