জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র (দৃষ্টি প্রতিবন্ধী) ওয়াসিউজ্জামান অনন্য ও জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী খাদিজা খাতুন।
পরে তাদের বন্ধুরা গিয়ে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
তবে তাদের সহপাঠীরা হামলার কথা বললেও প্রশাসন স্বীকার করছে না।
সহপাঠী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, জিমনেসিয়াম এলাকায় এ দু’জন গল্প করার সময় দুর্বৃত্তরা মারধর শুরু করলে অনন্য মোবাইল ফোনে আমাদের বিষয়টি জানায়। আমরা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই।
রেজওয়ানুল হক নামে ইংরেজি বিভাগের আরেক ছাত্র বলেন, তারা সেখানে গিয়ে তিন জনকে পালিয়ে যেতে দেখেন। তবে তাদের চিনতে পারেননি।
চিকিৎসা কেন্দ্রের ডা. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনন্যর বাম চোখের উপরের অংশ কেটে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে তাকে।
পরে অনন্যকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খাদিজা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ওয়াসিউজ্জামান অনন্য বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “এখন কিছুই বলতে পারব না। সুস্থ হয়ে সব কিছু জানাব।”
খাদিজা কাঁদছিলেন বলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সহকারী প্রক্টর আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু হলের সামনের রাস্তায় পড়ে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে।
প্রক্টর তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা জিমনেসিয়াম এলাকাতেই ছিল। হাঁটতে গিয়ে পড়ে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। কেউ তাদের মেরেছে এমন খবর আমাদের কাছে নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24