লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের তিন বছর অতিক্রম হবে শনিবার। ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বিদ্রোহ শুরু হয়, পরদিন ঘটে এর অবসান। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করলেও অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটেনি।
সীমান্ত রক্ষাকারী বাহিনীর ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছিল।
বিদ্রোহের পেছনে নানা ধরনের ষড়যন্ত্রের কথা বলা হলেও এ বিষয়ে পুলিশের তদন্তে বলা হয়েছে, সাধারণ জওয়ানদের পুঞ্জিভূত ক্ষোভই বিদ্রোহের মাধ্যমে প্রকাশ্য হয়।
তবে পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ কয়েকজন বেসামরিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে দুই ধরনের মামলা হয়েছে। এর একটি বিদ্রোহের মামলা আর একটি পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের মামলা।
বিদ্রোহের মামলার বিচার বিডিআর আইনে পিলখানাসহ বিজিবির বিভিন্ন সেক্টরে ৫৭টি মামলার ৫১টির বিচার ইতোমধ্যে শেষ হয়েছে। এতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৩ হাজার ৩৬ জওয়ানের। আসামি হলেও দোষ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি পেয়েছেন ৭৭ জন।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
পিলখানায় হত্যা মামলা চলছে সাধারণ আইনে ফৌজদারি আদালতে। এতে আসামির সংখ্যা প্রায় এক হাজার।
বিদ্রোহে নিহতদের স্মরণে দোয়া, মিলাদ মাহফিল, কবরে ফুল দেওয়ার কর্মসূচি রয়েছে বিজিবির।
বিদ্রোহ শুরু এবং শেষ
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে গুলির শব্দ পাওয়া যেতে থাকে। বিডিআর সপ্তাহ চলার কারণে প্রথমে অনেকেই ভাবছিলেন, কোনো কর্মসূচি চলছে। কিন্তু এর কিছুসময় পরই জানা যায়, বিদ্রোহ হয়েছে। পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে জওয়ানরা।
সংবাদকর্মীরা ছুটে যান পিলখানার বিভিন্ন ফটকে। যোগাযোগের চেষ্টা করেন বিদ্রোহীদের সঙ্গে। বিদ্রোহী কয়েকজন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের দাবি নিয়ে সাক্ষাৎকারও দেন।
বিদ্রোহের পর সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। এরই মধ্যে পিলখানার চার দিকে সেনাবাহিনী ভারী অস্ত্র¿ নিয়ে অবস্থান নেয়।
সকালে বিদ্রোহ শুরুর কিছু সময় পর্যন্ত ভেতরে অবস্থানরত সেনা কমকর্তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা গেলেও পরে আর সম্ভব হয়নি।
এরপর সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে শুরু হয় আলোচনা। সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ফজলে নূর তাপস এ আলোচনার নেতৃত্ব দেন।
পরে পিলখানার প্রধান ফটকের পাশের একটি রেস্তোরাঁয় আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন। ২৬ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর সঙ্গেও বিদ্রোহীদের আলোচনা হয়।
পরদিন বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানায় গেলে বিদ্রোহীরা তার কাছে অস্ত্র সমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসার সময় বিদ্রোহীদের হাতে জিম্মি কয়েকজন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে সঙ্গে করে নিয়ে আসেন। তারা মুক্ত হন।
কিন্তু এরপরও পিলখানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকতে দেখা যায়। এক পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর পিলখানা শূন্য হয়ে পড়লে পুলিশ এবং সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। অবসান ঘটে প্রায় ৩৩ ঘণ্টার বিদ্রোহের।
এদিকে বিদ্রোহের প্রথম দিন দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের কাছে ম্যানহোলের মুখে এক বিডিআর কর্মকর্তার লাশ পাওয়া গেলে হৈ চৈ পড়ে যায়। বোঝা যায়, ভেতরে হত্যাকাণ্ড ঘটেছে।
বিদ্রোহ অবসানের পরদিন পিলখানায় পাওয়া যায় গণকবর। ওই কবরে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রীসহ অনেক সেনা কর্মকর্তাদের লাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১৩৪ ঘ.
bdnews24