ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নয়া দিল্লিকে জানিয়েছেন।
শুক্রবার নয়া দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
ভারত দীঘদিন ধরে অনুপ চেটিয়াকে হস্তান্তরের কথা বলে আসছে।
অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে সাহারা বলেন, “বাংলাদেশেরও একটি একটি আইনি প্রক্রিয়া আছে, যা মেনে চলতে হবে। একদিনের জন্যও তাকে আটকে রাখার কোনো ইচ্ছা নেই আমাদের। আদালতে এ বিষয়টির সুরাহা হলেই আমরা তাকে ভারতের কাছে হস্তান্তর করবো।”
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া (গোলাপ বড়–য়া) বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিদেশি ও পাসপোর্ট আইনে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন।
পরে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতার কারণে তিনি এখনো বাংলাদেশের কারাাগারে রয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আদালতে তার আবেদনেরও নিষ্পত্তি হয়নি।
অনুপ চেটিয়াসহ উলফার রাজনৈতিক শাখার অন্যান্য নেতাদের নিয়ে ভারতের সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়ার আলোচনা শুরু করার জন্য চেটিয়াকে ফেরত নিতে চায় নয়াদিল্লি।
উলফার কয়েকজন নেতা পক্ষে থাকলেও সামরিক শাখার প্রধান পরেশ বড়–য়া নয়া দিল্লির সঙ্গে শান্তিচুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
১৯৭৯ সাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে উলফা।
উলফার বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধ করতে একটি রাজনৈতিক সমাধান খুঁজছে আসাম রাজ্য ও ভারতের কেন্দ্রীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২০৪০ ঘ.
bdnews24