ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুর, নড়াইল ও সিরাজগঞ্জে শুক্রবার আগুনে ঝুটের গুদাম, বসতঘর ও বাজারের দোকানপাট পুড়ে গেছে।
এরমধ্যে রয়েছে গাজীপুরে তিনটি ঝুটের গুদাম, নড়াইলে ১৫টি ঘর এবং সিরাজগঞ্জে বেশ কয়েকটি দোকান ও বসতঘর।
গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কাশিমপুর এলাকায় বিকাল সাড়ে ৪টায় ঝুটের গুদামে আগুন লাগে।
গাজীপুর অগ্নি নির্বাপক দলের সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপন কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, মালামালসহ তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি।
নড়াইল প্রতিনিধি জানান, বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাড়িগাড়া গ্রামে ১৫টি ঘর পুড়ে গেছে।
নড়াইল অগ্নিনির্বাপন স্টেশন কর্মকর্তা (অপারেশন ইনচার্জ) আবু বকর মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এত গ্রামের ছয় ব্যক্তির ১৫টি ঘর পুড়ে গেছে।
পরে অগ্নিনির্বাপন দলের সদস্যরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিন লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শাহজাদপুর উপজেলায় দুইটি পৃথক অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও দোকানপাট পুড়ে গেছে।
এরমধ্যে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে এনায়েতপুরের বেতিল বাজারের খড়িপট্টিতে। বিকাল ৩টার দিকে অপর ঘটনাটি ঘটে নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামে।
সিরাজগঞ্জ অগ্নিনির্বাপন দলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতিল বাজারের খড়িপট্টিতে পথচারীর ছুঁড়ে ফেলা সিগারেট থেকে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর, ২০/২৫টি ভ্রাম্যমাণ খড়ির দোকান ও তিনটি খড়ের পালা পুড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় সিরাজগঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়া অগ্নিনির্বাপন বাহিনীর তিনটি দল দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিনির্বাপন কর্মকর্তা জানান।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন বলেন, কাংলাকান্দা গ্রামের একটি বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে ছয়টি বসতঘর, আসবাবপত্র ও ৯০ হাজার টাকা পুড়ে যায়।
স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১৫ ঘ.
bdnews24