২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ দেরিতে পৌঁছায় পরীক্ষা দেওয়া হয়নি

লঞ্চ দেরিতে পৌঁছানোর কারণে বরিশালের অনেক তরুণ-তরুণী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বরিশাল, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চ দেরিতে পৌঁছানোর কারণে বরিশালের অনেক তরুণ-তরুণী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি। শুক্রবার সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় প্রথম বরিশাল এসে পৌঁছে ঢাকা থেকে ছেড়ে আসা এম ভি কালাম খান। এরপর পর্যায়ক্রমে লঞ্চ সুন্দরবন-৭, সুন্দরবন-৮ এবং সর্বশেষ পৌনে ১১টায় পৌঁছে পারাবাত-১১। কুয়াশার কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব লঞ্চ নির্ধারিত সময়ের ৬/৭ ঘণ্টা পর পৌঁছায় বলে এই পুলিশ কর্মকর্তা বলেন। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ৩১টি কেন্দ্রে ২৪ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ২০ হাজার ৩৫৯ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে পারাবাত-১১ লঞ্চে বরিশালের উদ্দেশে রওনা হওয়া হাসি বালা বলেন, শুক্রবার বেলা ১১টায় ঘাটে এসে পৌঁছা পরও তিনি পরীক্ষাকেন্দ্র নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কলেজে যান। কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই শেষঘণ্টা বেজে যায়। কথাগুলো বলেই তিনি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.