ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোয় এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
বহিষ্কৃত মোস্তাকিম মোরশেদ লিমন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার চকবাজার থানা পুলিশ বুয়েটের পাশে পলাশীর মোড় থেকে একটি খেলনা পিস্তলসহ লিমনকে গ্রেপ্তার করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য লিমনকে বহিষ্কার করা হয়েছে।
তবে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “লিমন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন।”
চকবাজার থানার ওসি মুহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর লিমনকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24