সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসী ও দেশের লেখকদের লেখা নিয়ে ৭০০ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক জনমত।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রবাসী লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা অংশ নেন।
লন্ডন থেকে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি জনমত প্রকাশ শুরু হয়। এরপর থেকে এর প্রকাশে কখনো ছেদ ঘটেনি।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জনমত-এর ভূমিকার কথা তুলে ধরে এই অবদানের স্বীকৃতি দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
‘জনমত-গৌরবের ৪২ বছর’ শীর্ষক বইটিতে স্থান পেয়েছে ১১৪ জন লেখকের লেখা। জনমতে প্রকাশিত দেশি-বিদেশি লেখকদের লেখার এই সঙ্কলন সম্পাদনা করেছেন পত্রিকাটির সম্পাদক নবাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক গাজিউল হাসান খান, আবু মুসা হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সুরমার সম্পাদক সৈয়দ মনসুর উদ্দিন, নতুন দিনের সম্পাদক মহিব চৌধুরী, সাপ্তাহিক জনমত-এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক কামাল আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি বেলাল আহমদ প্রমুখ।
সম্পাদক নবাব উদ্দিন বলেন, “বইটি প্রকাশের জন্য আমরা বিগত তিন বছর ধরে কাজ করে আসছিলাম। আর্কাইভ থেকে ৪২ বছরের কাগজ দেখে লেখাগুলো বাছাই করতে হয়েছে। আমি মনে করি বইটিতে আমরা কিছুটা হলেও বিগত ৪২ বছরে বিলেতে বাঙালিদের জীবনযাত্রার কাহিনী ধারণ করতে পেরেছি।”
জনমত-এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, বিলেতে বাংলা ভাষার প্রসার ঘটাতে সাপ্তাহিক জনমত এক অনন্য ভূমিকা রেখে আসছে। এর পথ ধরেই আজ যুক্তরাষ্ট্রে এক ডজনেরও বেশি পত্রিকা। স্থানীয় স্কুলগুলোতে বাংলা শেখানো অন্তর্ভুক্ত করার বিষয়ে জনমত অনন্য ভূমিকা রেখেছে।
বইটিকে ইতিহাসের অংশ অভিহিত করে বাসস এর সাবেক প্রধান সম্পাদক গাজীউল হাসান খান বলেন, জনমতের পাঠক বেশি তাই এই পত্রিকায় ভালো লেখার সংখ্যাও বেশি।
“আমি একজন একুশে পদকে সম্মানিত হওয়ার সুবাদে দেশে ফিরে অবশ্যই একুশে পদক কমিটির কাছে জনমতের নাম সুপারিশ করবো,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/১৮০০ ঘ.
bdnews24