২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়ির আনন্দ মুছে দিল একটি দুর্ঘটনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছে মটর সাইকেল আরোহী দুই যুবক, যারা বিয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছে মটর সাইকেল আরোহী দুই যুবক, যারা বিয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তালগাছি এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- উপজেলার নরিনা ইউনিয়নের টেপিয়ারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে শফিউল ইসলাম (২২) এবং আবুল কাশেমের ছেলে আবুল হাশেম (২৩)। শফি তার বড় ভাই শহিদুল ইসলামের বিয়ে উপলক্ষে গায়ে হলুদের ডালা (সামগ্রী) নিয়ে বন্ধু হাশেমকে সঙ্গে নিয়ে হবু ভাবির বাড়ি যাচ্ছিলেন বলে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, শফি বন্ধু হাশেমকে নিয়ে মটর সাইকেলে করে কনের বাড়ি উল্লাপাড়া যাচ্ছিল। পথে তালগাছি করতোয়া কলেজের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফি ও হাশেম মারা যান। এই ঘটনার পর ওই বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে চেয়ারম্যান জানান। মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি মো. নুরুন্নবী জানান, দুর্ঘটনার পর স্বজনরা লাশ দুটি নিয়ে গেছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.