সিলেট, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীর শেখঘাটে টেম্পু চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে গরম দেওয়ান মাজারের পাশে এ দুর্ঘটনায় নিহত তাহমিনা আক্তার (১০) সুনামগঞ্জ জেলার হোসেনপুর গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে শেখঘাট মইনুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একঘণ্টা রিকাবীজাজার-শেখঘাট-তালতলা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান আলী বলেন, সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি টেম্পু তাহমিনাকে চাপা দেয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এলাকায় খবর পৌঁছলে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে।
পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এসে ওই এলাকায় দুটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
পুলিশ টেস্পুটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন এসআই রায়হান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭০০ ঘ.
bdnews24