২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের পিস্তল ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে একটি চাইনিজ সেভেনটি সেভেন পিস্তল ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় আহত হয়েছে র‌্যাবের চার সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে একটি চাইনিজ সেভেনটি সেভেন পিস্তল ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় আহত হয়েছে র‌্যাবের চার সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাপমারা ইউনিয়নের কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- রংপুর র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আলমগীর হোসেন, সৈনিক তানভীর আহমেদ, কনস্টেবল সুবেদার আলী ও গাড়িচালক শুকুর আলী। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, আলমগীর নেতৃত্বাধীন র‌্যাবের ওই দল হাকিমপুরে এক অভিযানে শেষে গাড়ি নিয়ে রংপুর ফিরছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা তিন মটর সাইকেল আরোহী গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়ির লুকিং গ্লাস ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে ওই তিন যুবককে কামারপাড়া এলাকায় আটক করে। ওই সময় স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়। ওসি বলেন, “উচ্ছৃঙ্খল যুবকরা এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে আরো কিছু যুবককে সেখানে ডেকে আনে। এরপর তারা র‌্যাব সদস্যদের ওপর চড়াও হয়। তারা র‌্যাব সদস্যদের মারপিট করে এবং গাড়ি ংচুর করে।” হামলার সময় ওই যুবকরা র‌্যাব সদস্যদের এক জনের কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা আক্কাস বলেন, আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই রাজশাহী থেকে র‌্যাব-৫ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান গোবিন্দগঞ্জ আসেন। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৫৯ ঘ.