২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটা থেকে মুক্তি পেল নারী-শিশুসহ ১১ জন

গোপালগঞ্জের একটি ইটভাটায় বেতন না দিয়ে বলপূর্বক আটকে রাখা নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে ইটভাটার তিন কর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের একটি ইটভাটায় বেতন না দিয়ে বলপূর্বক আটকে রাখা নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে ইটভাটার তিন কর্মীকে। বৃহস্পতিবার রাত ২টার দিকে টুঙ্গিপাড়ার কুশলী পিয়াল ব্রিকস থেকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের রাতেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন- ইটভাটার সহকারী ব্যবস্থাপক মো. রুবেল তালুকদার (২০), মিস্ত্রী মো. আদম আলী ও এস্কেবেটর চালক মো. খায়রুল সরদার। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন এরশাদ হোসেন জানান, প্রায় সাড়ে ৩ মাস আগে এরা পিয়াল ব্রিকসে কাজ নেয়। তাদের বেতন না দিয়ে কাজ করিয়ে নেওয়া হত। সেখানে তারা মানবেতর জীবন যাপন করছিলেন। উদ্ধারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার পদ্মপুকুরপাড়া গ্রামের রেজাউল করিম রাজু (৩৫), তার স্ত্রী শরীফা বেগম (৩০), মেয়ে কুলসুম (৭), খুলনা জেলার কয়রা গ্রামের মো. জাহাঙ্গীর আলম ঢালী (৩৫), একই গ্রামের আলমগীর ঢালী (১৪), হাবিবুর রহমান (২৭), আফসার সরদার (৩২), মদিনাবাদ গ্রামের মো. মোশারফ ঢালী (২৫), মো. কামরুল সরদার (৩১), তার ছেলে আল আমীন সরদার (১৫) ও বাগেরহাট জেলার লখপুর গ্রামের মো. রাজু শেখ (১৮)। শ্রমিক আলমগীর ও শরীফা বেগম জানান, দিনে ভাটার কাজ কারর পর সন্ধ্যায় তাদের একটি ঘরে আটক করে রাখা হত। কাজ করার সময় তাদের ভাটার বাইরে যেতে দেওয়া হত না। এক সপ্তাহ আগে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে নেয় ভাটা কর্তৃপক্ষ। তারা দু’মাস ধরে বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ করেন। এ ব্যাপারে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল খায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫১৬ ঘ.