ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় শ্রোতা সম্মেলন করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।
বৃহস্পতিবার গ্যাটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস শ্রোতাদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকায় জার্মান দূতাবাসের উপপ্রধান রাল্ফ রয়েশও অনুষ্ঠানে অংশ নেন।
শ্রোতা সম্মেলনের পাশাপাশি ‘নব্য সামাজিক গণমাধ্যমের যুগে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা’ শীর্ষক একটি আলোচনা সভাও হয়, যাতে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরসহ বিভিন্ন ব্লগার অংশ নেন।
অবসরপ্রাপ্ত কূটনীতিক জমির বলেন, ফেইসবুক, ব্লগসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ উচিৎ নয়।
“তবে এ ক্ষেত্রে মিডিয়াগুলোকে মনিটর করা যেতে পারে।”
একইসঙ্গে ব্লগ কিংবা ফেইসবুক ব্যাবহারকারীদের তথ্য প্রকাশে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, “বিভ্রান্তিকর তথ্যে যে কারো চূড়ান্ত ক্ষতি হয়ে যেতে পারে, যা পরবর্তীতে হয়ত পূরণ করা সম্ভব হবে না।”
বাংলা ব্লগ সামহোয়্যারইনের পরিচালক গুলশান ফেরদৌস জানান বলেন, “মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যখন কোনো সংবাদ পরিবেশন করা হয়, তখন আমারা অনেকেই সে সংবাদ সম্বন্ধে নিজেদের অভিমত জানাতে চাই। কিন্তু তা সব সময় সম্ভব হয় না। তবে এটা ব্লগিংয়ের মাধ্যমে করা সম্ভব। ব্লগে আমরা এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি।”
ব্লগার আলী মোহামেদ শুভ বলেন, “সামাজিক গণমাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা কোনোভাবেই উচিৎ হবে না। এটি নিয়ন্ত্রিত হলে তা হবে ‘শরীরের মধ্যে অতিরিক্ত মেদ’র মতো।”
একই বিষয়ে সামহোয়্যারইনের অন্যতম পরিচালক অ্যারিল্ড ক্লোকারহগ ব্লগিংয়ের ক্ষেত্রে কিছু আইন মেনে বাকি বিচারের ভার পাঠকের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।
ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়ক দেবারতি গুহের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন গ্লোবাল ভয়েস অনলাইনের রেজওয়ানুল ইসলাম, সাংবাদিক ও ব্লগার আরিফ জেবতিক।
শর্ট ওয়েভে ফিরবে না ডয়চে ভেলে
অর্থনৈতিক সঙ্কটের কারণে শর্ট ওয়েভ রেডিও সার্ভিসে না ফেরার কথা জানিয়ে গ্রেহেম লুকাস শ্রোতা সম্মেলনে বলেন, “শর্ট ওয়েভে রেডিও সম্প্রচার অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে ২০১১ সালে ডয়চে ভেলে এই মাধ্যমে সম্প্রচার বন্ধ করে।”
ডয়চে ভেলের বাংলা বিভাগের পরিবেশনা দেশে এফএম ব্যান্ডে শোনা যায়। এছাড়া অনলাইনেও ৩০টি ভাষার মতো বাংলায়ও সংবাদ পরিবেশন করে জার্মানির সরকারি এই সংবাদ মাধ্যম।
লুকাস বলেন, বাংলাদেশে এফএম মাধ্যম ছাড়াও ওয়েবসাইটভিত্তিক রেডিও সম্প্রচার চালু করেছেন তারা।
“আমরা একুশে টেলিভিশনের সঙ্গে কথা বলেছি। সপ্তাহে অন্তত এক দিন টেলিভিশনে কোনো অনুষ্ঠান আয়োজন করা যায় কি না, এ বিষয়ে আমরা ভাবছি,” যোগ করেন তিনি।
শ্রোতা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডয়চে ভেলের শ্রোতারা অনুষ্ঠানের বিষয়ে তাদের মতামত জানান। অনেকেই শর্ট ওয়েভে সম্প্রচার বন্ধের কারণে ক্ষোভ প্রকাশ করেন।
টাঙ্গাইলের আবু তাহের বলেন, “আমরা যারা জেলা শহরগুলোতে থাকি, তারা বঞ্চিত হচ্ছি। এক্ষেত্রে সপ্তাহের অনুষ্ঠানগুলো ওয়েবসাইটে যুক্ত করলে ভালো হয়।”
“আমরা যারা অনুষ্ঠান শুনতে পারছি না তাদের জন্য প্রতি তিন মাসে একটি পত্রিকা প্রকাশ করা যেতে পারে,” বলেন সিরাজগঞ্জের মাসুম।
শ্রোতা সম্মেলনে গ্রেহেম লুকাস ও দেবারতি গুহের সঙ্গে ডয়চে ভেলের নূরুন্নাহার সাত্তারও ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক সাগর সরওয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় স্বস্ত্রীক খুন হওয়া সাগর কয়েক বছর জার্মানিতে ডয়চে ভেলের বাংলা বিভাগে কাজ করেছিলেন।
১৯৭৫ সালে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় অনুষ্ঠান প্রচার শুরু করে ডয়চে ভেলে। বর্তমানে দেশের ছয়টি বিভাগীয় শহরে বাংলাদেশ বেতারের সহযোগিতায় এফএম তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
২০০৫ সাল থেকে প্রতিবছর শ্রোতাদের নিয়ে সম্মেলন করে আসছে প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২২৫০ ঘ.
bdnews24