২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. বাকি হত্যা মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

হত্যাকাণ্ডের ১১ মাস পর সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. বাকি মির্জা হত্যা মামলায় চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাকাণ্ডের ১১ মাস পর সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. বাকি মির্জা হত্যা মামলায় চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দাখিল করা এই অভিযোগপত্রে ডা. বাকি মির্জার স্বজন ওয়াসিমা ওরফে এশাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এশার স্বামী রুহুল আমিন বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০১১ সালের ১৬ এপ্রিল ডা. বাকি মির্জাকে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সরকারি ব্যাচেলর কোয়ার্টারে কুপিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা হলেন, সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি গ্রামের গাজী নুরুল হুদা’র ছেলে রুহুল আমিন বাবু, শহরের জানপুর মহল্লার জেল হকের ছেলে জাকারিয়া মাসুদ, ছোনগাছা ইউনিয়নের খাগা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন কিরণ এবং শহরের মুজিব সড়কে অবস্থিত আনতলা কমিউনিটি ক্লিনিকের মালিক ডা. আব্দুল লতিফ। সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার চপল কান্তি রায় বৃহস্পতিবার দুপুরে অভিযোগপত্রটি দাখিল করেন। হাকিম হামিদুল ইসলাম আগামী ২৬ ফেব্র“য়ারি অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন। মান্নান জানান, রুহুল আমিন বাবু ও আনোয়ার হোসেন কিরণ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। জাকারিয়া মাসুদ ও ডা. লতিফ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২১৮ ঘ.