২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত দাবিতে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও

নীলফামারী সদর উপজেলার চার ইউনিয়নে কৃষিজমিতে সেচ অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ’ কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নীলফামারী, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলার চার ইউনিয়নে কৃষিজমিতে সেচ অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ’ কৃষক। গত দুই সপ্তাহ ধরে সারা দিনে মাত্র এক ঘণ্টা করে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন কৃষকরা। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুুপুরে সদর উপজেলায় সমিতির কার্যালয় ঘেরাও করা হয়। সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামের কৃষক সহিদুল ইসলাম জানান, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি গত ২০ দিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তাতেও লো-ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে সেচ পাম্প চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ ভাবে পাম্প চালাতে গিয়ে ইতোমধ্যে দেড় শতাধিক পাম্প পুড়ে গেছে।” অভিযোগ সমর্থন করেন একই উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের খালিশাপচা গ্রামের কৃষক কাশেম আলী, গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়াপাড়া গ্রামের কৃষক বুলবুল হেসেনসহ অন্য বিক্ষোভকারীও। কৃষকরা অভিযোগ করছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অসহযোগিতার কারণে হিস্যা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সেচ পাম্প চালাতে না পারায় ইতিমধ্যে রোপিত বোরো চারা শুকিয়ে মরে যেতে বসেছে। পল্ল¬ী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এসএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা ২৫ মেগাওয়াট এবং পিক আওয়ারে পাওয়া যাচ্ছে মাত্র সাত মেগাওয়াট। বর্তমানে সেচ কাজে ব্যবহার হচ্ছে সাড়ে ১১ হাজার সেচপাম্প। তিনি বলেন, “এই সামান্য বিদ্যুৎ দিয়ে এতোগুলো পাম্পে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দেওয়া কঠিন হয়ে পড়েছে। সঙ্গত কারণে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় সেচ পাম্প চালাতে পারছে না কৃষকরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২১৩০ ঘ.