ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় অভিযুক্ত কিংবা অভিযোগপত্রে নাম থাকা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অভিযুক্ত কিংবা আসামিরা মামলা নিয়েও কাজে থাকায় দুর্নীতি উৎসাহিত হচ্ছে বলে মনে করে এ নিয়ে সরকারকে চিঠি পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন। তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও একটি আদেশ জারি করা হয়েছে।
১৯ ফেব্র“য়ারি জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশটি বৃহস্পতিবার বিতরণ শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর ৭৩ বিধির ১ ও ২ উপবিধি অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়া অথবা জামিন পাওয়া (সরকারি চাকুরে) আসামিদের সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চিঠির উদ্ধৃতি দিয়ে আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযুক্ত এবং অভিযোগপত্রভুক্ত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট আসামিদের বরখাস্ত না করার দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুদকের নেওয়া ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে।
এতে আরো বলা হয়, দুর্নীতি সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা হিসেবে পরিগণিত হওয়ার পরও অভিযোগপত্রভুক্ত সরকারি-কর্মচারীরা আদালত থেকে জামিন নিয়ে নিজ দপ্তরে কাজ করছেন। এতে দুর্নীতি উৎসাহিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৪০ ঘ.
bdnews24