বরিশাল, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সেবার মানে অসন্তোষ প্রকাশ করে বাহিনীর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, তিনি অবসরে গেলে আর নিজের সাবেক বাহিনীর দ্বারস্ত হবে না।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান বৃহস্পতিবার বরিশালে এক অনুষ্ঠানে বলেন, “অবসরে গেলে আর পুলিশের সংস্পর্শে আসব না।”
পুলিশ রিফর্মস প্রোগ্রাম (পিআরপি) এর আওতায় পুলিশকে ঢেলে সাজাতে এবং পুলিশের কার্যক্রম আরো কার্যকর করার লক্ষ্যে বরিশাল পুলিশ লাইনসে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের জন্য আয়োজিত এক সভায় যোগ দিতে একদিনের সফরে বরিশাল যান তিনি।
সভায় জনপ্রতিনিধিদের কাছে জেলার থানা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা সম্পর্কে জানতে চান অতিরিক্ত মহাপরিদর্শক।
এ সময় জনপ্রতিনিধিরা পুলিশের প্রশংসা করলেও মোখলেসুর পাল্টা প্রশ্ন করেন, পুলিশের কার্মকাণ্ড ভালো হলে কেন পত্রপত্রিকায় তাদের বিরুদ্ধে লেখা হচ্ছে?
পুলিশ রিফর্মস প্রোগ্রাম (পিআরপি) এর প্রকল্প পরিচালক অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, মানুষের যেন ন্যায়বিচার পায়, পুলিশের মাধ্যমে যেন হয়রানি না হয়, এই জন্যই পিআরপির এই উদ্যোগ।
সভায় বক্তৃতা করেন, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, মুলাদীর জনপ্রতিনিধি নাজনীন আক্তার রেবা, বিসিসির সাবেক কাউন্সিলর পলি বেগম প্রমুখ।
বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরমেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৪৫ ঘ.
bdnews24