ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলার তৃতীয় শিশুপ্রহরও অনেকটা নিরুত্তাপেই পার হলো। সকাল ১১টায় শিশুদের জন্য মেলার ফটক খুলে দেওয়া হলেও তাদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
মেলার নজরুল মঞ্চের পাশে একটি অংশে সারিবদ্ধভাবে থাকা ক্ষুদে পাঠকদের বইয়ের স্টলগুলোতে যে গুটিকয়েক পাঠককে ঘোরাঘুরি করতে দেখা যায় তারা বেশ ছিমছামভাবেই সংগ্রহ করে ফেরেন পছন্দের বইগুলো।
শিশুদের সুবিধার জন্য প্রতিবছরের মতো এবারও চার দিন ‘শিশুপ্রহর’ ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শুধু শিশুদের জন্য উন্মুক্ত থাকে বইমেলা।
প্রতিদিনের মতোই বইমেলায় ক্ষুদে পাঠকদের জন্য বইয়ের ডালি সাজিয়ে বসেন বিক্রেতারা। দেশি লেখক ছাড়াও বিভিন্ন বিদেশি বইয়ের অনুবাদ নিয়ে বিশেষ আয়োজন নিয়ে বসেন তারা। তবে পাঠকের উপস্থিতি অনেক কম হওয়ায় তারা হতাশ।
শিশুদের জন্য সকালেই খোলা হয় প্রকাশনা সংস্থা টোনাটুনির স্টল।
এ প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী আজমীর আলম খান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু প্রহর ঘোষণা করা হলেও সকাল থেকে আজ বিক্রি একদমই ‘জিরো’।”
টোনাটুনির স্টলে শিশুদের জন্য বাংলা ও ইংরেজিতে বর্ণমালা শিক্ষা, ছড়া ও গল্পের বইয়ের পাশাপাশি সেগুলোর অডিও ভিজুয়াল ভার্সনও পাওয়া হাজির করা হয়েছে।
মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র শিশুদের জন্য নিয়ে এসেছে চীন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশের রূপকথার বই। কিন্তু তৃতীয় ‘শিশুপ্রহরে’ শিশুদের উপস্থিতিতে হতাশ এ স্টলের বিক্রেতারাও।
স্টলের দায়িত্বে থাকা বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক মৃন্ময় মাসুদ বলেন, “সকাল থেকে শিশুদের চোখে পড়ার মতো কোনো উপস্থিতি নেই। শিশুরা তো একা একা মেলায় আসতে পারবে না। সম্ভবত আজ কর্মদিবস থাকায় শিশুদের অভিভাবকরা সময় করতে পারেননি।”
এর আগে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বইমেলায় প্রথম দফা দুই দিনের শিশুপ্রহরের আয়োজন করা হলেও প্রথম দিন কর্মদিবস থাকায় মেলায় শিশুদের উপস্থিতি ছিলো একেবারেই নগণ্য।
শিশু একাডেমি স্টলের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুপ্রহর ঘোষণা করলেই তো আর হবে না। শিশুপ্রহরের প্রচারণা নেই। বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না।”
শিশু একাডেমী এবছর শিশুদের জন্য এনেছে ২৪টি নতুন বই।
শিশু একাডেমী প্রকাশিত শিশুদের উপন্যাসগুলো হলো- বেবী মওদুদের উপন্যাস ‘আবু আর বাবু’, ফাহমিদা মঞ্জু মজিদের ‘ভাগ্যি নানি সাথে ছিলো’, হোসনে আরা আলমের ‘লাল নীল স্বপ্ন’।
ছড়ার বইয়ের মধ্যে রয়েছে শেখ দুলালের ‘রাঙা আলোর ছবি’, অরুণ শীলের ‘মেঘতাড়–য়া’, আবুল কালাম বেলালের ‘আয়রে সুবজ আয়রে অবুঝ’।
এছাড়াও গল্পের বই তপন বাগচীর ‘সাত দিনের সাতকাহন’, নীলুফার বেগম নীলুর ‘দিন রাত্রির গল্প’, অসীম সাহার জীবনী গ্রন্থ ‘হেনরী ডিরোজিও’ ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ সাহিদা বেগমের ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ ইত্যাদি।
নজরুল মঞ্চের পাশে কথা হয় ক্ষুদে পাঠক লামিয়ার সঙ্গে।
সে বলে, “এখনো কিনিনি, ডোরেমন কিনব।”
স্কুল থেকে মেলায় এসেছে দুই সহপাঠী øেহা বিশ্বাস ও ফারজানা ফাইজ তন্মী।
ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুই বন্ধুই জাফর ইকবালের ভক্ত। তার ‘রূপ রূপালীর গল্প’ বইটি কিনেছি। এখন একটু ঘোরাঘুরি করছি।”
বাবার সঙ্গে বই দেখছিলো ক্ষুদে পাঠক আবির মাহমুদ।
“আমি একটা ডোরেমন কিনেছি। দুইটা ছড়ার বই কিনব,” মুখে হাসি নিয়ে বলে আবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/১৯৩৮ ঘ.
bdnews24