২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রকাশ্যে যুবকের কব্জি কর্তন

পাবনা শহরের শালগাড়িয়া গোলাপবাগ মহল্লায় সালিশ বৈঠকে অনেকের সামনে এক যুবকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

পাবনা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের শালগাড়িয়া গোলাপবাগ মহল্লায় সালিশ বৈঠকে অনেকের সামনে এক যুবকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার কথা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিলেও পুলিশ বলছে, কেউ অভিযোগ না করায় তারা বিস্তারিত কিছু বলতে পারছে না। কব্জি হারানো হেলাল উদ্দিনকে (২০) পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার নওশাদ উদ্দিনের ছেলে। হেলাল স্থানীয় শামলা প্লাস্টিক নামে একটি কারখানায় কাজ করেন। ক্রিকেট খেলা নিয়ে শালগাড়িয়া মহল্লায় মঙ্গলবার দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঝগড়া মীমাংমার জন্য বৃহস্পতিবার দুপুরে শালগাড়িয়ার গোলাপবাগ এলাকায় সালিশ বসে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, বেলা ১টার দিকে বৈঠক চলাকালে আকস্মিক ১০/১২ যুবক হেলালকে ধরে ধারালো অস্ত্র দিয়ে হাতের কব্জি কেটে এরপর চলে যায়। তখন সালিশে উপস্থিত সবাই ভয়ে দিগি¦দিক ছুটতে থাকে। পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন ঘটনাটি শোনার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে থানায় কেউ এখনো মামলা করেনি। ফলে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।” স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একদল সন্ত্রাসী হেলালের কারখানায় চাঁদা চাইতে গেলে হেলাল তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। ওই ঘটনার জের ধরে হেলালের ওপর হামলা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১২ ঘ.