ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মুক্তিপণের পাঁচ লাখ টাকা না পেয়ে ছয় বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে পুরাতন সোনাকান্দার একটি বাড়ির সামনে থেকে মো. নাফিজ নামের শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নাফিজের বাবা মো. আরব আলী কুয়েতে থাকেন। মঙ্গলবার দোকানে চকলেট কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তার মুক্তির বিনিময়ে পণ দাবি করে অপহরণকারীরা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনাকান্দার আরব আলী ও নার্গিস আক্তারের ছোট ছেলে নাফিজ মঙ্গলবার বিকালে মায়ের কাছ থেকে দুই টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে যায়। কিন্তু সে ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।
অনেক রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে ১১টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করেন নাফিজের এক স্বজন। পরে রাত ১২ টার দিকে অপরিচিত কণ্ঠের এক ব্যক্তি তাদের প্রতিবেশী আবদুস সালামের কাছে টেলিফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারী বুধবার সকালেও একই ফোন নম্বর থেকে স্থানীয় হাবিব মোল্লা ও রুহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীর মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা চায় বলে ওসি জানান।
এরপর বৃহস্পতিবার সকালে খোরশেদ মিয়ার বাড়ির সামনে বালির ¯তূপে লাশ পাওয়া যায় নাফিজের।
ওসি মাইন উদ্দিন বলেন, “তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের ধারণা, গ্রামের কেউ অথবা খুব কাছের লোকই এ ঘটনা ঘটিয়েছে। তা না হলে আরব আলীর তিন প্রতিবেশীর টেলিফোন নম্বর অপহরণকারীর পাওয়ার কথা নয়।”
স্বজনরা জানান, দুই ভাই এক বোনের মধ্যে নাফিজ ছিল সবার ছোট। তার নিখোঁজের খবরে বৃহস্পতিবার সকালে কুয়েত থেকে ঢাকা আসেন তার বাবা আরব আলী।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24