২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় খেলা যাতে হারিয়ে না যায়: প্রধানমন্ত্রী

দেশে খেলাধুলার উন্নয়নে ক্রীড়াবিদদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের দেশীয় খেলা সম্পর্কেও নুতন প্রজন্মকে ধারণা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খেলাধুলার উন্নয়নে ক্রীড়াবিদদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের দেশীয় খেলা সম্পর্কেও নুতন প্রজন্মকে ধারণা দিতে হবে। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৮ ও ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশীয় খেলা যাতে হারিয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখা জরুরি। আমাদের নুতন প্রজন্মকে সকল ধরনের দেশীয় খেলা সমন্ধে ধারণা দিতে হবে।” “আমার দৃঢ় বিশ্বাস, ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারব”, বলেন প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৯ জন ক্রীড়াবিদ ও সংগঠকের হাতে জাতীয় এ পুরস্কার তুলে দেওয়া হয়। ফুটবলে সুনীল কৃষ্ণ দে, অ্যাথলেটিক্সে মো. আমজাদ হোসেন, সাঁতারে মো. লুৎফর রহমান, শরীর গঠনে মো. শওকাত হোসেন, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, ভারোত্তোলনে মো. রুহুল আমিন, ভলিবলে খন্দকার আবুল হাসান, ক্রিকেটে সৈয়দ আবদুল মজিদ এবং কাবাডিতে জাহাঙ্গীর আলম চৌধুরী ২০০৮ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পান। ফুটবলার ও সংগঠক হিসাবে দেওয়ান সফিউল আরেফীন টুটুল, ফুটবলে বাদল রায় ও সামছুল আলম মঞ্জু, ক্রিকেটে এ এম নাইমুর রহমান, সংগঠক হিসাবে অঞ্জন চৌধুরী পিন্টু ও সাহেদ আজগর চৌধুরী, অ্যাথলেটিক্স সংগঠক হিসাবে হামিদা বেগম, অ্যাথলেটিক্সে শামীম আরা টলি, হকিতে মোহাম্মদ মহসীন এবং ভলিবলে মোস্তফা কামাল ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পান। তাদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “আমার বিশ্বাস, দেশের ক্রীড়ার উন্নয়নে আপনারা আপনাদের অভিজ্ঞতা ও মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটাবেন।” ক্রীড়ার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি গ্রহণ করেছি। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে তাদের নিয়মিত আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির কার্যক্রম চলছে।” বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দেশের ক্রীড়া ক্ষেত্রে সাংগঠনিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিলো- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এখন ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিচ্ছেন। দেশের ক্রীড়াক্ষেত্রে কাক্সিক্ষত পরিবর্তন আসছে।” বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা অত্যন্ত সফলতার সাথে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ আটটি ম্যাচ এবং চারটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছি। আমাদের এ অর্জনের জন্য সারা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। ক্রীড়াক্ষেত্রে আমাদের এ সাফল্য ধরে রাখাতে নিরলস কাজ করছি আমরা।” ২০১৪ সালে বাংলাদেশে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপও সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান। অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও ক্রীড়া সচিব মাহাবুব আহমেদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৫০ ঘ.