২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি আহাদকে দেখে এলেন খালেদা

ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক অলি আহাদকে দেখে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক অলি আহাদকে দেখে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একুশে ফেব্রুয়ারিতে ভাষাসৈনিক আব্দুল মতিনকে দেখে আসার পর দিন বুধবার রাতে অলি আহাদের এলিফ্যান্ট রোডের বাসায় যান খালেদা। তিনি ৮৪ বছর বয়সি অলি আহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেন। আওয়ামী লীগের সাবেক নেতা অলি আহাদ বর্তমানে ডেমোক্রেটিক লীগের সভাপতি। এই দলটি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে থাকে। ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন অলি আহাদ। এজন্য গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয় তাকে। বহিষ্কৃত হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও। অলি আহাদকে দেখার পর খালেদা ধানমণ্ডির মর্ডার্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে দেখতে যান। খালেদার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, উপদেষ্টা পরিষদের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩০০ ঘ.