বাগেরহাট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর পানি শোধন করে বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়নে পাইপ লাইনে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ব¡রে এই প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মীর শওকাত আলী বাদশা।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্পে এলাকার প্রতিজনকে দিনে ২০ লিটার সুপেয় পানি সরবরাহের সুযোগ রয়েছে। চালু হওয়ার পর প্রকল্পটির ব্যবস্থাপনায় থাকবে স্থানীয়রাই।
ভৈরব নদের পানি উপজেলা পরিষদের পুকুরে সংরক্ষণ করে এবং বিশুদ্ধ করে এলাকার প্রায় সাড়ে তিনশ’ পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।
তবে কচুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী শেখ এবং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জমশের আহম্মেদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন এই পানি সরবরাহ প্রকল্প টিকিয়ে রাখতে হলে বাগেরহাট-পিরোজপুর সীমান্তে কচুয়া সেতুর কাছে বলেশ্বরের ত্রিমোহনা থেকে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্ট পর্যন্ত মরা ভৈরব নদ খনন করা দরকার।
তারা বলেন, গত তিন দশকে ভৈরব নদ সংকীর্ণ হয়ে পড়েছে। ভৈরব পুবে বলেশ্বর ও পশ্চিমে দড়াটানা নদীর সঙ্গে যুক্ত ছিল। পশ্চিমে তিনটি স্লুইস গেট নির্মাণ করায় দড়াটানার সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম. শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার সময় এই বিষয়টি পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24