ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে গাড়ির ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট মো. রিয়াজুল ইসলাম রিয়াজ (৩৩) বুধবার সন্ধ্যায় মারা গেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সার্জেন্ট রিয়াজ ২০০৭ সালে চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ কমিশনার খন্দকার নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সন্ধ্যা ৬টায় রিয়াজ মারা যান।
ঘটনার দিন একটি প্রাইভেটকার পান্থপথ চৌরাস্তা থেকে বসুন্ধরা সিটির দিকে আসার পথে কর্তব্যরত রিয়াজকে ধাক্কা দিলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।
প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় তেজগাঁও থানা পুলিশ পরে চালক আলিউল ইসলাম ও আরোহী তাজিনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24