বাগেরহাট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার সকালে বড় নবাবপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে নাজমা বেগম (৪২) নিহত হন।
নাজমা ওই গ্রামের শেখ শাহিদুল ইসলামের স্ত্রী। খুলনার বটিয়াঘাটা উপজেলা সদরের কাজী আফতাব উদ্দিনের মেয়ে।
রামপাল থানার ওসি এসএম আনোয়ার হোসেন বলেন, নাজমার দ্বিতীয় স্বামী হলে শাহিদুল। প্রায় আঠার বছর আগে বড় ভাই জাহিদুল মারা গেলে শাহিদুল ভাবী নাজমাকে বিয়ে করেন। নাজমার আয়ে তাদের সংসার চলত।
সকালে নাজমা গ্রামের কয়েকজন নারীর সঙ্গে কাজের উদ্দেশ্যে বের হতে গেলে শাহিদুল যেতে বারণ করেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিদুল দা নিয়ে নাজমাকে ধাওয়া করে বাড়ির সামনের রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে, বলেন ওসি।
ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় নাজমার প্রথম ঘরের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শাহিদুলের বিরুদ্ধে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24