মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ছাড়াই উদ্দেশ্য ছিল- এ কথা জানিয়েছেন সিঙ্গাপুরগামী জাহাজের কন্টেইনারে লুকিয়ে ধরা পড়া বাংলাদেশি যুবক মো. রিপন।
তিনি বলেছেন, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছে কি না, তাও তিনি জানতেন না।
গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরগামী ‘এমভি হানসা ক্যালিডোনিয়া’ জাহাজের কন্টেইনারে লুকিয়ে উঠেছিলেন বরগুনার এই যুবক। তবে ধরা পড়ে যান তিনি।
বুধবার তাকে ওই জাহাজেই ফেরত আসতে হয়েছে। শুধু তাই নয়, আইন লঙ্ঘনের জন্য তাকে এখন বিচারের মুখোমুখিও হতে হচ্ছে।
ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাওয়ার কারণ জানতে চাইলে রিপন (২৪) সাংবাদিকদের বলেন, পেটের জ্বালায় জাহাজে উঠে বিদেশ পাড়ি দিতে চেয়েছিলেন তিনি।
দুপুরে বন্দরে ভেড়ে ‘হানসা ক্যালিডোনিয়া’, এতেই ফেরত পাঠানো হয় রিপনকে। বিকালে রিপনকে পুলিশে তুলে দেন বন্দর কর্মকর্তারা।
রিপন বন্দর থানায় সাংবাদিকদের বলেন, “পেটের জ্বালায় বিদেশে যেতে জাহাজে উঠে একটি খোলা কন্টেইনারের ভেতর ঢুকে পড়ি। জাহাজটির নাম কিংবা এটি কোথায় যাবে, তা জানতাম না।”
রিপন কীভাবে সবার অলক্ষে জাহাজে উঠেছিলেন, তার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রিপন বলেন, “বন্দরের গেইট দিয়ে ঢুকি। সিসিটি জেটিতে থাকা ওই জাহাজে সিঁড়ি দিয়ে উঠে পড়ি। কেউ চেক করেনি। কিছু জিজ্ঞেসও করেনি।”
চট্টগ্রাম বন্দর ছাড়ার পরদিন সাগরেই নাবিকদের কাছে ধরা পড়েন রিপন। তবে তিনি বলেছেন, ক্ষুধার জ্বালায় তিনি নিজেই খোলা কন্টেইনার থেকে বেরিয়ে পড়েন।
রিপন জানান, বেরিয়ে আসার পর তাকে নাবিকরা বিভিন্ন কাজ করায় এবং খাবার খেতে দেয়।
রিপনের বাড়ি বরগুনা জেলার বামনা থানায়। তার বাবা বেঁচে নেই, মা রয়েছেন। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় রিপন নগরীর রেল স্টেশনে থাকত বলে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে।
গত ১৬ ফেব্র“য়ারি হানসা ক্যালিডোনিয়া জাহাজটি সিঙ্গাপুর বন্দরে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুরোধে তাকে পুনরায় ওই জাহাজে করে ফেরত পাঠানো হয়।
একই কোম্পানির একটি জাহাজের কন্টেইনারে করে গত বছরের এপ্রিলে দুই বাংলাদেশি চড়ে বসেন। এদের এক জন যাওয়ার পথে কন্টেইনারের ভেতরে মারা যান। আরেকজনকে নয় দিন পর সিঙ্গাপুরে উদ্ধার করা হয়।
রিপন বলেছেন, বন্দরে কোনো ধরনের কাজে যুক্ত ছিলেন না তিনি। তবে বন্দর কর্মকর্তাদের ধারণা, অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন রিপন।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিপন বন্দরের অস্থায়ী শ্রমিক ছিল বলে শুনেছি। এই সুযোগে নিরাপত্তা পাস নিয়েই তিনি বন্দরে ঢুকেছেন।
বন্দরে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, “জাহাজে কেউ আছে কি-না, তা জাহাজ ছাড়ার আগে সংশ্লিষ্টদের তল্লাশি করে দেখার নিয়ম।”
ভবিষ্যতে জাহাজ বন্দর ছাড়ার আগে ভেতরে তল্লাশি যথাযথভাবে করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩৭ ঘ.
bdnews24