বগুড়া, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় জিহাদী বই ও সিডিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শহরের সিলিমপুর এলাকা থেকে সোমবার তাকে আটক এবং মঙ্গলবার রাতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার র্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার খোরশেদ আলম (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুন্তাইর মধ্যপাড়ার আব্দুল ওয়াহেদের ছেলে।
তিনি বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামে বাসা ভাড়া করে থাকতেন এবং ধুনট কওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে খোরশেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভরনশাহী গ্রামের ভাড়া বাড়ি থেকে ৯টি জিহাদি বই, ৯টি সিডিসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
র্যাবে-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোবাশ্বের খান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24