পটুয়াখালী, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী পৌর এলাকায় রাস্তা কেটে শহর রক্ষা বাঁধের কাজ করার সময় জনতার ধাওয়া খেয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
শহরের টাউন কালিকাপুর বালুর মাঠ সংলগ্ন রাস্তা কাটার সময় পৌর মেয়রের সামনেই বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমানকে তার কর্মস্থলে পৌঁছে দেয়।
এদিকে পূর্বানুমতি ছাড়া রাস্তা কাটার কারণে পটুয়াখালী পৌর মেয়র শফিকুল ইসলাম বিকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন আকন সাংবাদিকদের জানান, পাউবো’র ঠিকাদার চলাচলের রাস্তা কেটে শহর রক্ষা বাঁধের কাজ করছিলেন। এসময় এলাকাবাসী ঘটনাটি পৌর মেয়র শফিকুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলরকে জানায়।
পরে মেয়র পাউবো প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসতে এবং কাজ বন্ধ করতে বলেন। প্রকৌশলী ঘটনাস্থলে যাওয়ার পর মেয়রের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে প্রকৌশলীকে ধাওয়া করে, বলেন এই কাউন্সিলর।
মেয়র শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভার রাস্তা কাটতে হলে আগেই নোটিশের মাধ্যমে জানাতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। ফলে রাস্তা কাটা হলে দুর্ভোগ বাড়বে।
নির্বাহী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু উত্তেজিত লোক তাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে। এর বেশি কিছু হয়নি।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ভলেন, রাস্তা কাটার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24