ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করতে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার কথা বলবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।
বুধবার দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির শীর্ষ পদে নোবেল বিজয়ী বাংলাদেশির নাম প্রস্তাব করেন বলে বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দেখা করে।
ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যাম্বার্ট সেখানে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তারা।
গত ১৯ ফেব্রুয়ারি সাত সদস্যের এ প্রতিনিধি দল ঢাকা সফরে আসেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে মিয়ানমার পরিস্থিতি, সার্ক এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করে ইউরোপীয় প্রতিনিধি দল।
বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে ল্যাম্বার্ট বলেন, “এ বিষয়ে মিয়ানমারের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানানো হবে।”
মালদ্বীপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24