নওগাঁ, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর উপজেলায় গৃহবধূ ও যুবককে দোররা মারার ধটনায় সালিশের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেপ্তার এ দু’জন হলেন এলাকার মাতবর আফজাল হোসেন ও মাওলানা নূরে আলম।
পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত (রিমান্ড) চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রানীনগর থানার ওসি শাহরিয়ার খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় নির্যাতিত গৃহবধূ আকলিমা ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরপরই মীরাট উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- এলাকার আজিজুর রহমান, আছাব আলী, ছটু, শফিকুল, ইসহাক আলী মেম্বার, শুকুর আলী, মোফাজ্জল, ফজল, কাদের, আবুল কালাম আজাদ।
এরা সবাই পলাতক রয়েছে বলে জানান ওসি।
রানীনগর উপজেলায় মীরাট উত্তরপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু তার ঘরে গেলে দু’জনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজল হোসেন। পরদিন সালিস বৈঠকে গৃহবধূ ও যুবককে দোররা মারা হয়।
এছাড়া জরিমানা হিসেবে যুবকটির কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূর কাছ থেকে ৫০০ টাকা আদায় করে তা দিয়ে ভূরিভোজ করা হয়।
একটি দৈনিকে সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে বুধবার হাইকোর্ট থানার ওসিসহ পাঁজজনকে আদালতে তলব করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪১ ঘ.
bdnews24