পবিপ্রবি, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস থেকে ছিনতাইকারী সন্দেহে নয়জন বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হলের সহকারী প্রভোস্ট আশরাফুল আলম।
গ্রেপ্তাররা নিজেদের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে দাবি করেছেন পুলিশের কাছে।
এরা হলেন- হারুন রশিদ (২০), ইমরান বাপ্পি (১৭), নাহিদ সানি (১৮), সোলায়মান বান্টি (২০), রেদোয়ান সজল (১৮), রেজোয়ান খান (২০), রফিবুল ইসলাম (১৭), কাইয়ুম ইসলাম (২০) ও ইদ্রিস চোধুরী (১৮)।
সহকারী প্রভোস্ট আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কয়েকজন যুবক বিশ্ববিদ্যালয় লাইেব্রেরির সামনে বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র সাব্বিরের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় সাব্বির ভয় পেয়ে দৌড়ে হলের সামনে এসে অজ্ঞান হয়ে যায়। পরে হলের শিক্ষার্থী ও কর্মচারীরা বেরিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং সাব্বিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরই শের-ই বাংলা হলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ওই নয় যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী প্রভোস্ট।
দুমকি থানার ওসি বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে যুবকদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের গায়ে অনেক কাটা-ছেঁড়ার দাগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এরা নিজেদের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে দাবি করছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24