রাজশাহী/বগুড়া, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, সহজশর্তে লাইসেন্স নবায়নসহ আট দফা দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে রাজশাহী বিভাগের ৮ জেলায়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, “বার বার আশ্বাস দিয়েও শ্রমিকদের দীর্ঘদিনের এসব দাবি পূরণ করা হয়নি। এ কারণে বুধবার থেকে ৭২ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়েছে।”
সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে জানা যায়, বিভাগীয় শহর থেকে আঞ্চলিক বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলোও ছিলো ফাঁকা। একই চিত্র দেখা যায় বগুড়ার প্রধান বাস টার্মিনালেও।
জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকরাও ধর্মঘটে যোগ দিয়েছেন।
এদিকে বাস চলাচল না করায় চরম দুর্র্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই বিভিন্ন রুটের যাত্রীদের বাস টার্মিনালে এসে অপেক্ষা করতে দেখা যায়।
ধর্মঘট প্রত্যাহারের জন্য বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার হুমায়ুন কবির ও বিআরটিএর সহকারী পরিচালক গিয়াস উদ্দিন মঙ্গলবার বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে পরিবহন শ্রমিক ফেডারশনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই বৈঠক।
শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, নছিমন-করিমন চলাচল করা, নিয়ম ভেঙে যেসব শ্রমিক ইউনিয়নকে নিবন্ধন দেওয়া হয়েছে তা বাতিল করা এবং শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি বলেন, “আমরা দাবিগুলো নিয়ে বেশ করেকবার সরকার এবং স্থানীয় প্রশাসনের সাথে বসেছি। কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে আমরা ধর্মঘটের পথ বেছে নিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৪০ ঘ.
bdnews24