ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে বাংলায় এসএমএস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গণভবনে এক অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন হয়।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- এই লাইন দুটি উপস্থিত অতিথিদের এসএমএস করে এর উদ্বোধন করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব রফিকুল ইসলাম, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলায় এসএমএস কার্যক্রম চালুকে ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক’ হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বিশ্বায়নের এ যুগে আমরাও প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। তাই ডিজিটাল প্রযুক্তিতে মাতৃভাষার ব্যবহারকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
৬৪টি জেলার বাংলায় তথ্য বাতায়ন, ৪৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালুসহ তথ্য-প্রযুক্তি খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
চলতি মাস থেকেই সব কোম্পানির বেসিক মোবাইল ফোনের হ্যান্ডসেটে পূর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩০ ঘ.
bdnews24