২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে সংঘর্ষে দুই খুন

জমি নিয়ে বিরোধে ঠাকুরগাঁও ও নওগাঁয় দুজন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঠাকুরগাঁও/নওগাঁ, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে ঠাকুরগাঁও ও নওগাঁয় দুজন খুন হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় ধানিপাড়া গ্রামে এক কৃষক এবং নওগাঁর সদর উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক মারা যান। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় ধানিপাড়া গ্রামের কৃষক মোকসেদ আলী (৭০) এবং নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৫)। ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, মোকসেদ আলী সোমবার সকালে তার জমিতে ধান রোপণ করছিলেন। এসময় তার চাচাত ভাই আব্দুল জব্বার তার লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে ধান রোপণে বাধা দেন। এরপর উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় মোকসেদ মারা যান। ওসি জানান, নিহতের ছেলে মাসুদ রানা বাদি হয়ে আট জনকে আসামি রাতেই মামলা দায়ের করেছেন। পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল জব্বার (৫৮), আব্দুল মতিন (৫৬), আব্দুল মান্নান (৫৪), আব্দুল হান্নানকে (৫০) গ্রেপ্তার করেছে বলে জানান ওসি। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আসগর আলী জানান, একজন মারা গেছেন এবং আহত ফরিদুল ইসলামকে (৩২) রাতেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, দোগাছি গ্রামের রেজাউল ইসলামের সঙ্গে জমি নিয়ে সাইফুল ইসলামের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইফুলের ছেলে রাব্বী ইসলাম, আজম এবং রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। তাদের নওগাঁ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বী দুপুরে মারা যান। ওসি আরো জানান, আশঙ্কাজনক অবস্থায় আজমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রেজাউলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ মামলা করেনি। এলাকায় এনিয়ে উত্তেজনা বিরাজ করছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭১৪ ঘ.