২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলা না শেখালে স্কুল বন্ধ করে দেওয়া উচিত’

দেশে ইংরেজি মাধ্যমের যে সব বিদ্যালয়ে একদমই বাংলা শেখানো হয় না, সেগুলো বন্ধ করে দেওয়ার পক্ষপাতি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ইংরেজি মাধ্যমের যে সব বিদ্যালয়ে একদমই বাংলা শেখানো হয় না, সেগুলো বন্ধ করে দেওয়ার পক্ষপাতি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত। মঙ্গলবার ভাষা শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “যে সব ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা বাংলা পড়তে পারে না, বলতে পারে না; যে সব স্কুল তাদের শিক্ষার্থীদের বাংলা শেখায় না, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত।” উচ্চ আদালতের সব রায় বাংলায় দেওয়ার পক্ষে মত প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। বিজ্ঞানের বইগুলোর বাংলায় অনুবাদের জন্য উদ্যোগী হতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আবুল বারাকাত বলেন, “দেশের উচ্চ আদালতের সব রায় বাংলায় হওয়া উচিত। সরকারের যাবতীয দাপ্তরিক কাজ বাংলায় করা উচিত। বিদ্যুৎ বিলের মতো ছোট একটি কাজও ইংরেজিতে হয়। এই ধারা বদলানো দরকার।” বিজ্ঞানেরসহ অন্যান্য প্রয়োজনীয় বই বাংলায় অনুবাদের জন্য বাংলা একাডেমীর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তিনি বলেন, “বাংলা একাডেমীর ফান্ডে না কুলালে সরকারের উচিত এ বিষয়ে বিশেষ ফান্ড নিয়ে এগিয়ে আসা।” বাংলাকে প্রশাসনের সর্বস্তরে চালু করা এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা দুটোই সমান গুরুত্বপূর্ণ, বলেন বারাকাত। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে ৫ কোটি স্বাক্ষর সংগ্রহের একটি কাজ চলছে বলে জানান বারাকাত। তিনি বলেন, এরই মধ্যেই ১ কোটি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসএন/এমআই/১৬৪০ ঘ.